শিলিগুড়িতে রাস্তা সংস্কারে বড় উদ্যোগ, ৩২-৩৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার হবে ৫৮টি রাস্তা, ৭ থেকে ১০ দিনের মধ্যেই কাজ শুরুর আশ্বাস পর্যটনমন্ত্রীর!

শিলিগুড়ি: শহরের বেহাল রাস্তা সংস্কারে বড়সড় উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। প্রায় ৩২ থেকে ৩৩ কোটি টাকা ব্যয়ে শহরের মোট ৫৮টি রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই সংস্কারের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে এক সাংবাদিক বৈঠকে পর্যটনমন্ত্রী জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে শহরের রাস্তা সংক্রান্ত নাগরিকদের অভিযোগ অনেকটাই কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন সাধারণ মানুষ। কোথাও রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও খানাখন্দের কারণে সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন চালক থেকে শুরু করে পথচারীদের। এই পরিস্থিতিতে ৫৮টি রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিনের সাংবাদিক বৈঠকে রাস্তা সংস্কারের পাশাপাশি পুরনিগমের একাধিক প্রশাসনিক ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়েও বক্তব্য রাখেন পর্যটনমন্ত্রী।

বিল্ডিং প্ল্যান অনুমোদনের প্রক্রিয়া, শহরের পার্কিং ব্যবস্থা ও পুরনিগমের রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি।

পার্কিং ফি আদায়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে কড়া অবস্থান নেন শঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানান, কোনও বৈধ টেন্ডার ছাড়া পার্কিং ফি আদায় করা যাবে না। পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে ও অনিয়ম বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।

পাশাপাশি সাধারণ নাগরিকদের সুবিধার্থে অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ পরিষেবা চালুর ঘোষণাও করেন পর্যটনমন্ত্রী। শহরের বিভিন্ন সমস্যা, নাগরিক পরিষেবার ঘাটতি কিংবা পুরনিগম সংক্রান্ত অভিযোগ জানাতে ৯০৪৬০০৪৬৬০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ।

শহরের ৫৮টি রাস্তা সংস্কারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিলিগুড়ির যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here