পুলিশের উপর হামলার পর প্রশাসনের কড়া পদক্ষেপ! বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ চামড়ার গোডাউন!

শিলিগুড়ি: পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। অবৈধভাবে গরুর চামড়া মজুত রাখার অভিযোগে শিলিগুড়ির দামড়াগ্রামে একটি গোডাউন বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

ঘটনার সূত্রপাত গত বুধবার রাতে। অবৈধ চামড়ার ব্যবসাকে কেন্দ্র করে দামড়াগ্রাম এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের উপর হামলা চালানোর পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরবর্তী তদন্তে উঠে আসে, যে গোডাউনে ওই চামড়া মজুত রাখা হত, সেটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। এরপরই গোডাউনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় প্রশাসন। সেই নির্দেশ কার্যকর করতে আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছয় প্রশাসনের আধিকারিকরা। কড়া নিরাপত্তার মধ্যে বুলডোজার চালিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হয় গোডাউনটি।

পুলিশের উপর হামলার ঘটনার পর প্রশাসনের এই কড়া পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, এলাকায় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here