হাওড়া: ভরসন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার আন্দুলের খাটির বাজার-চাঁদনিবাগান এলাকায়।
মৃত ছাত্রীর নাম রিতিকা সামন্ত। তিনি গ্রামিয়া হিতকারী গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় প্রধান রাস্তার উপর আচমকাই এক যুবক রিতিকা সামন্তের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
একাধিক ছুরির কোপে গুরুতর জখম হন ওই ছাত্রী।
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত যুবককে ধরে ফেলে ও ডোমজুর থানার পুলিশকে খবর দেন।
গুরুতর আহত অবস্থায় রিতিকাকে প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ডোমজুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার জেরেই এই নৃশংস হামলা চালানো হয়ে থাকতে পারে।
তবে ঘটনার প্রকৃত কারণ ও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।














































