চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপির জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হল।
বুধবার কাঁচাকালী এলাকায় আয়োজিত বিজেপির জনসভায় উপস্থিত হয়ে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
বক্তৃতায় রাজু বিস্তা দাবি করেন, চোপড়ায় দীর্ঘদিন ধরে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, বিজেপি সাধারণ মানুষের পাশে থেকে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাবে।
একইসঙ্গে তিনি হামিদুল রহমানকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন, যা সভায় উপস্থিত কর্মী- সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সভা থেকে আরও দাবি করেন, হামিদুল রহমানের প্রায় ৩৫০ কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে।
তাঁর বক্তব্য, ভবিষ্যতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এই সম্পত্তির তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ও বাজেয়াপ্ত সম্পত্তি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে।
বিজেপির এই জনসভায় চোপড়ার উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও তুলে ধরেন রাজু বিস্তা।
উল্লেখ্য, বিজেপি সাংসদের তোলা অভিযোগের বিষয়ে বিধায়ক হামিদুল রহমানের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।















































