ইসলামপুর: স্বাধীনতার পর থেকে ডাঙ্গাপাড়া এলাকার মানুষের অন্যতম প্রধান দাবি দোলনচা নদীর উপর একটি পাকা সেতু।
কিন্তু দশকের পর দশক পেরিয়ে গেলেও সেই দাবি এখনও বাস্তবায়িত হয়নি।
ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকো পারাপার করছেন হাজার হাজার মানুষ।
এই পরিস্থিতির মধ্যেই দোলনচা ব্রিজ নিয়ে ফের আশ্বাস দিলেন ইসলামপুরের বিধায়ক কানাইয়া লাল আগারওয়াল।
তিনি বলেন, “যদি সুযোগ পাই, মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরব।
দোলনচা ব্রিজের কাজকেই অগ্রাধিকার দেব।”
স্থানীয়দের দাবি, অতীতেও বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে একাধিক প্রতিশ্রুতি মিলেছে।
আন্দোলন হয়েছে, স্মারকলিপিও জমা পড়েছে। কিন্তু বাস্তবে সেতু নির্মাণের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।
বর্তমানে ডাঙ্গাপাড়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতিদিন একটি অস্থায়ী বাঁশের সাঁকোর উপর নির্ভর করে যাতায়াত করতে হয়।
বর্ষাকালে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান কবে হবে, তা নিয়েই প্রশ্ন তুলছেন বাসিন্দারা।
বিধায়কের সাম্প্রতিক আশ্বাসে কিছুটা আশার আলো দেখলেও, এলাকাবাসীর বক্তব্য – এবার আর শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হোক।















































