প্রাকৃতিক বিপর্যয়ে পিছিয়েছে শোভাযাত্রা, তবুও আবেগে ভাটা নেই! চন্দননগরে জগদ্ধাত্রী মায়ের বরণ ও সিঁদুর খেলায় মাতলেন মহিলারা!

চন্দননগর: প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পিছিয়ে গিয়েছিল চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আলোকমণ্ডিত শোভাযাত্রা। তবে দিনক্ষণ বদলালেও উৎসবের আবেগে এতটুকু ভাটা পড়েনি। শোভাযাত্রার দিন শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ধরা পড়ল দশমীর চেনা ছবি।

মাকে বিদায় জানানোর আগে বরণ, আবির ও সিঁদুর খেলায় মেতে উঠলেন পুজো কমিটির মহিলা সদস্যরা। চন্দননগর উত্তরাঞ্চল, বিবিরহাট চড়কতলা, চাউলপট্টির প্রাচীন ‘আদি মা’ থেকে ভদ্রেশ্বরের তেঁতুলতলা সর্বত্রই উৎসবের রঙে ধরা পড়ল বিদায়বেলার আবেগঘন মুহূর্ত।

একে অপরকে সিঁদুর ও আবিরে রাঙিয়ে আনন্দে মেতে ওঠেন মহিলারা। তাঁদের কাছে এই দিনটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং সারা বছরের অপেক্ষার বিশেষ মুহূর্ত। মাকে বরণ করে বিদায় জানানোর আনন্দের পাশাপাশি মন জুড়ে থাকে একরাশ বিষণ্ণতা। কারণ, আরও এক বছরের জন্য মাকে বিদায় জানাতে হয়। তবে সেই মনখারাপের মাঝেই শুরু হয় আগামী বছরের অপেক্ষা।

চন্দননগর উত্তরাঞ্চলের মহিলা সদস্যদের কথায়, প্রায় ২৫ বছর ধরে একই ঐতিহ্য ও নিয়ম মেনে তাঁরা মায়ের বরণ ও সিঁদুর খেলায় অংশ নিয়ে আসছেন। এরপর সন্ধ্যায় সকলকে নিয়ে চলে আনন্দ-উৎসব। তাঁদের কাছে এবারের পুজো আরও বিশেষ।

কারণ, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শোভাযাত্রা পিছিয়ে যাওয়ায় মা আরও দু’দিন তাঁদের মাঝে থাকার সুযোগ পেয়েছেন। এই বাড়তি সময় তাঁদের কাছে এক অন্যরকম প্রাপ্তি। আনন্দের মধ্যেই মিশে রয়েছে মাকে বিদায় জানানোর মনখারাপ।

এবার উত্তরাঞ্চলের পুজো হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করায় উৎসবের আবহ ছিল আরও বর্ণময়। কয়েকজন মহিলা সদস্য জানান, প্রায় আট দিন ধরে তাঁরা উৎসবের আনন্দে সামিল হয়েছেন।

প্রতি বছর সিঁদুর খেলায় অংশ নিলেও এবারের অনুভূতি তাঁদের কাছে সম্পূর্ণ আলাদা। হীরকজয়ন্তী বর্ষের এই বিশেষ পুজো ও বিদায়বেলার স্মৃতি দীর্ঘদিন মনে থেকে যাবে।

চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক মোহিত নন্দী বলেন, “এটাই চন্দননগর।

চন্দননগরবাসী থেকে শুরু করে প্রতিটি পুজো কমিটির মহিলা সদস্যরা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। মহিলারা যেভাবে সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন, তা দেখে আমাদেরও খুব ভালো লাগে। এটাই চিরাচরিত প্রথা – মাকে বরণ, সিঁদুর খেলা ও সকলের একসঙ্গে আনন্দে মেতে ওঠা। এবছর আরও কয়েকটা দিন মায়ের সঙ্গে কাটানোর অনুভূতিটা সত্যিই অন্যরকম।”

তিনি আরও জানান, এবছর ঐতিহ্যবাহী আলোকমণ্ডিত শোভাযাত্রা দেখতে অন্যান্য বছরের তুলনায় দর্শকদের ভিড় বাড়তে পারে। শোভাযাত্রার দিন রবিবার হওয়ায় ছুটির সুযোগে বহু মানুষ চন্দননগরে এসে এই বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকবেন বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

সব মিলিয়ে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শোভাযাত্রার দিনক্ষণ পিছিয়ে গেলেও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য ও আবেগে কোনও ছেদ পড়েনি। সিঁদুরের লাল রং, আবিরের উচ্ছ্বাস আর বিদায়বেলার অশ্রুসজল আবেগকে সঙ্গী করেই মাকে বিদায় জানালেন মহিলারা। পাশাপাশি শুরু হয়ে গেল আগামী বছরের অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here