শিলিগুড়ি: রথযাত্রার শুভ তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের ৫৭তম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হল।
এবারের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস।
তাঁর উপস্থিতিতে উৎসবের সূচনা ঘিরে ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
এবারের দুর্গাপুজোর মূল আকর্ষণ হতে চলেছে টেরাকোটা শিল্পভিত্তিক থিম।
বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পকে তুলে ধরতে মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় থাকবে টেরাকোটার বিশেষ ছোঁয়া।
পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ ও দর্শনার্থীদের জন্য একাধিক আকর্ষণের পরিকল্পনা করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের সম্পাদক নিমাই পাল জানান, সরকারি আর্থিক অনুদান নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও পুজোর আয়োজনে কোনও প্রভাব পড়তে দেওয়া হবে না।
তিনি বলেন, “অর্থের কিছুটা সমস্যা থাকলেও পুজো থেমে থাকবে না। সরকারের প্রতি আস্থা রয়েছে।
আশা করি, সরকার অবশ্যই কোনও না কোনও ব্যবস্থা করবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার রথীন্দ্র বোস রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, পরদিন বিধানসভার অধিবেশন থাকায় তাঁকে কলকাতায় ফিরতে হবে।
তার আগে তিনি শিলিগুড়ি ইসকনের রথযাত্রার উদ্বোধন ও বিধান মার্কেটের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর ভূয়সী প্রশংসা করে বলেন, “এই পুজো বরাবরই শিলিগুড়ির অন্যতম বড় ও জনপ্রিয় পুজো। এবারের আয়োজনও সফল হোক, সেই শুভকামনা রইল।”
রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল দুর্গোৎসবের কাউন্টডাউন।
আর্থিক অনিশ্চয়তার মাঝেও ঐতিহ্য, শিল্পভাবনা ও সামাজিক দায়বদ্ধতাকে সঙ্গে নিয়ে এবারও দর্শনার্থীদের মন জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব।















































