শিলিগুড়ি: রথযাত্রার শুভ লগ্নে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হল শিলিগুড়ির অন্যতম প্রাচীন দুর্গাপুজো মিত্র সম্মিলনীর শতবর্ষের যাত্রা।
একশো বছরে পদার্পণ করেও থিমের চাকচিক্যে না গিয়ে, বরাবরের মতো ঐতিহ্য ও সাবেকিয়ানাকেই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তারা।
বৃহস্পতিবার আয়োজিত কাঠামো পুজোয় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, সমাজসেবী গোপাল সাহা, ক্লাবের সদস্য ও বহু ভক্ত।
শতবর্ষের এই বিশেষ মুহূর্তে পুজোর দীর্ঘ ঐতিহ্যকে স্মরণ করেন উপস্থিত সকলে।
মিত্র সম্মিলনীর সাধারণ সম্পাদক সৌরভ ভট্টাচার্য জানান, শতবর্ষ উপলক্ষে কোনও থিমভিত্তিক পুজো করা হচ্ছে না।
শাস্ত্রসম্মত নিয়ম মেনে সাবেকি প্রতিমা, চিরাচরিত সাজসজ্জা ও ঐতিহ্যবাহী পরিবেশেই হবে এবারের দুর্গাপুজো।
তাঁদের মতে, মিত্র সম্মিলনীর আসল পরিচয়ই হল ঐতিহ্যকে ধরে রাখা।
তবে শতবর্ষ উপলক্ষে থাকছে একটি বিশেষ আকর্ষণ।
পুজোমণ্ডপে তৈরি হবে একটি ইতিহাস কর্নার, যেখানে ছবি, তথ্য ও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে পুরনো শিলিগুড়ির নানা স্মৃতি, শহরের বিবর্তনের ইতিহাস ও হারিয়ে যাওয়া ঐতিহ্যের নানা দিক।
নতুন প্রজন্ম যাতে শহরের অতীত সম্পর্কে জানতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
ঐতিহ্য, ইতিহাস ও আবেগের মেলবন্ধনে শতবর্ষের মিত্র সম্মিলনীর দুর্গাপুজো এ বছরও শিলিগুড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।















































