শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের জুম্মাগঞ্জ এলাকায় বিএসএফের একটি ব্যাটালিয়নের বর্ডার আউট পোস্ট (বিওপি)-এ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন সহ বিএসএফের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
অনুষ্ঠানে অমিত শাহ বিএসএফের জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন ও তাঁদের সীমান্ত রক্ষায় নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন।
পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ও পরিবেশ সংরক্ষণের বার্তা দেন।
এরপর বিএসএফ ক্যাম্পে জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে একসঙ্গে সময় কাটিয়ে তাঁদের মনোবল বাড়ানোরও চেষ্টা করেন তিনি।
বিএসএফের অনুষ্ঠান শেষে অমিত শাহ সড়কপথে শিলিগুড়ির উত্তরকন্যার উদ্দেশে রওনা দেন।
সেখানে একগুচ্ছ উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে সীমান্ত নিরাপত্তা, উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আন্তঃরাজ্য সমন্বয় সহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।















































