জম্মু: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় প্রবল বর্ষণের জেরে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ব্যাপক বিপর্যয়।
জানা যায়, বেলা কলোনি, থানা মান্ডি ও মানজাকোট-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
বহু পরিবার বাড়ির ভিতরে আটকে পড়েছেন। বিভিন্ন এলাকা থেকে গবাদি পশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজৌরি নদীর জলস্তর আচমকাই বেড়ে যাওয়ায় নদীর জল বেলা কলোনিতে ঢুকে পড়ে।
বেলা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি প্রবল স্রোতে ভেসে যায়।
বহু বাড়িতে জল ঢুকে পড়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
থানা মান্ডি মহকুমার চুরুঙ, রাজধানি ও বেহরোট এলাকাতেও আকস্মিক বন্যার প্রভাব পড়েছে।
বেহরোটের একটি স্টোন ক্রাশার ইউনিটে কর্মরত কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন বলে প্রশাসন জানিয়েছে।
তাঁদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
অন্যদিকে, মানজাকোট তহসিলের কোটলি কালাবান ও গোলিনারি এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট প্রবল জলের তোড়ে একটি স্থানীয় কবরস্থান জলবঙ্গ হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আবহাওয়া দপ্তর আগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা জারি করেছিল।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছেন।















































