জম্মু ও কাশ্মীর: টানা ভারী বৃষ্টির জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (NH-44)-এর উদমপুর জেলার সমরোলি এলাকার দেওয়াল ব্রিজ সংলগ্ন একটি অংশ ধসে যায়।
এর ফলে ক্ষতিগ্রস্ত অংশের কাছে ডাউন টিউব দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পর্যালোচনা শুরু করেছে ও দ্রুত মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রবল স্রোতের মধ্যে তাওয়ি নদীতে তিন যুবক আটকে পড়ে।
খবর পেয়ে পুলিশ, এসডিআরএফ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে ও প্রয়োজনে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।















































