নদিয়া: জগন্নাথদেবের রথযাত্রার আবহে শিশুদের মধ্যে সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতি ও ভক্তিভাবের বীজ রোপণ করতে অভিনব উদ্যোগ নিল মায়াপুর ইসকন।
রবিবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২ হাজার দেশি-বিদেশি শিশুকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ ‘চিলড্রেন রথযাত্রা’।
প্রতি বছরের মতো এবারও মায়াপুর ইসকনে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে জগন্নাথদেবের রথযাত্রা।
প্রথা অনুযায়ী রাজাপুর থেকে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মায়াপুর ইসকনের প্রধান কেন্দ্রে আসেন।
এই মহোৎসব উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন।
মূল রথযাত্রার পর শিশুদের ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষার সঙ্গে পরিচিত করাতেই আয়োজন করা হয় এই বিশেষ রথযাত্রার।
ঐতিহ্য মেনে কীর্তন, ভজন, শঙ্খধ্বনি ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ইসকন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘চিলড্রেন রথযাত্রা’।
শিশুদের হাতে ছিল ছোট ছোট রথের দড়ি, আর হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, “জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ১৯ জুলাই শিশুদের জন্য বিশেষ এই রথযাত্রার আয়োজন করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২ হাজার শিশু এতে অংশগ্রহণ করেছে।
ছোটবেলা থেকেই পরমেশ্বর ভগবান জগন্নাথদেবের প্রতি ভক্তি, ভারতীয় সংস্কৃতি ও সনাতন ধর্মের মূল্যবোধ শিশুদের মধ্যে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
ইসকন কর্তৃপক্ষের দাবি, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ, ভক্তি ও ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলাই এই বিশেষ ‘চিলড্রেন রথযাত্রা’র মূল উদ্দেশ্য।














































