কোচবিহার: কোচবিহার ও আলিপুরদুয়ার দুই জেলার গ্রামীণ উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কোচবিহারে অনুষ্ঠিত হল ‘রুরাল ডেভেলপমেন্ট আউটকাম রিভিউ মিটিং’।
রবীন্দ্র ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা – সহ দুই জেলার বিধায়ক, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
বৈঠকের আগে রবীন্দ্র ভবন চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল পরিদর্শন করেন মন্ত্রী দিলীপ ঘোষ।
হাতে তৈরি সামগ্রী ঘুরে দেখার পাশাপাশি পণ্যের গুণমান, উৎপাদন পদ্ধতি সহ বাজারজাতকরণ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকা নিয়েও প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন মন্ত্রী।
গোষ্ঠীগুলির তৈরি পণ্যের বাজার সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়।
এরপর মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে শুরু হয় দুই জেলা সংক্রান্ত প্রশাসনিক পর্যালোচনা বৈঠক।
গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্প, প্রকল্পের বাস্তবায়ন, কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।















































