ইসলামপুর: ইসলামপুরের সার্বিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করলেন ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগারওয়াল।
তিনি জানান, আগামী দিনে ইসলামপুরে একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে, যা এলাকার ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।
বিধায়ক বলেন, রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে ইনডোর স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত ইসলামপুরও।
পাশাপাশি একটি সুইমিং পুল, নতুন সেতু নির্মাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নের কাজও পর্যায়ক্রমে করা হবে।
তিনি আরও জানান, সরকার যে হারে অর্থ বরাদ্দ করবে, সেই অনুযায়ী উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ বাস্তবায়িত হবে।
ইসলামপুরের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন ও ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান বিধায়ক।















































