কফিনবন্দি অবস্থায় বাড়ি ফিরলেন সেনা জওয়ান কানাই সরকার, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা!

নদিয়া: শেষ পর্যন্ত কফিনবন্দি অবস্থাতেই বাড়ি ফিরলেন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ডংখিরা নিমতলা পাড়া এলাকার ভারতীয় সেনার জওয়ান কানাই সরকার।

তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়-স্বজন ও গোটা এলাকাজুড়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কানাই সরকার দীর্ঘ ২৬ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

বর্তমানে তিনি রাজস্থানের যোধপুরে কর্মরত ছিলেন।

গত শুক্রবার রাতে প্রতিদিনের মতো ডিউটি শেষে নিজের ঘরে বিশ্রাম নিতে যান।

পরদিন সকালে চা দিতে গিয়ে সহকর্মীরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

সোমবার সেনাবাহিনীর সহকর্মীরা কফিনবন্দি দেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় পতাকায় মোড়া কফিনে ফুলের মালা অর্পণ, গান স্যালুট ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

মৃত জওয়ানের বৌদি ঝুমা সরকার জানান, বলাগরের এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী, যিনি কানাই সরকারের সঙ্গে একই জায়গায় চাকরি করতেন, তিনিই প্রথম তাঁদের মৃত্যুর খবর দেন।

সেনাবাহিনীর তরফ থেকেও পরিবারকে জানানো হয়েছে, এই মৃত্যুর পিছনে অন্য কোনও অস্বাভাবিক কারণ নেই; শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

২৬ বছর দেশের সেবায় নিজেকে উৎসর্গ করা কানাই সরকারের প্রয়াণে এলাকাজুড়ে শোকের আবহ।

শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল প্রমাণ করে, দেশের এই বীর সন্তানকে মানুষ কতটা ভালোবাসতেন ও সম্মান করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here