ট্রেনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সিআরপিএফ জওয়ানের

ধূপগুড়ি: জলপাইগুড়ির ধূপগুড়িতে শোকের ছায়া।

ট্রেনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সিআরপিএফ জওয়ানের

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের।

মৃতের নাম সুরেশ চন্দ্র রায় (৫৫)। তিনি ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অসমে সিআরপিএফে কর্মরত ছিলেন সুরেশবাবু। সম্প্রতি নিয়ম অনুসারে তাঁর বদলির নির্দেশ আসে।

সেইমতো সহকর্মীদের সঙ্গে ট্রেনে করে ঝাড়খণ্ডে যাচ্ছিলেন তিনি।

যাত্রাপথে অসমের বারপেটা এলাকায় ট্রেনের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে বারপেটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রতিবেশী তথা প্রাক্তন সিআরপিএফ কর্মী সুরেশ রায় জানান, বদলির সময় দূরত্ব অনুযায়ী এক থেকে দুই দিনের ছুটি মেলে।

সেই সুযোগে বাড়িতেও আসার কথা ছিল তাঁর।

যাত্রাপথে স্ত্রীকে ফোনও করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না জওয়ানের।

মৃত সুরেশ চন্দ্র রায়ের পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই ছেলে।

তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকা।

এদিন সিআরপিএফের পক্ষ থেকে তাঁর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here