পাহাড়-সমতল থেকে ফুটবল প্রতিভা খুঁজবে দুই নতুন ক্লাব, কাফুর উপস্থিতিতে শুরু নতুন পথচলা!

দার্জিলিং: উত্তরবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ফুটবল প্রতিভাদের এবার বড় মঞ্চে তুলে আনার উদ্যোগ।

পাহাড় থেকে সমতল বিভিন্ন জেলার তরুণ ফুটবলারদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে রাজ্য, জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল দুই নতুন ফুটবল ক্লাব ‘দার্জিলিং ওয়ারিয়র্স’ এবং ‘নর্থ বেঙ্গল ফাইটার্স’।

রবিবার দার্জিলিঙে আয়োজিত অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার ও প্রাক্তন অধিনায়ক কাফুর উপস্থিতিতে দুই দলের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের বহু প্রতিভাবান ফুটবলার পরিকাঠামো ও সঠিক সুযোগের অভাবে বড় মঞ্চে পৌঁছতে পারেন না। সেই ঘাটতি পূরণ করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

‘দার্জিলিং ওয়ারিয়র্স’-এর মাধ্যমে মূলত পাহাড়ি এলাকার তরুণ ফুটবলারদের বাছাই করা হবে। অন্যদিকে ‘নর্থ বেঙ্গল ফাইটার্স’-এর পরিধিতে থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা ও দিনাজপুরের মতো বিস্তীর্ণ এলাকা।

শুধু দল গঠন নয়, দুই ক্লাবের অধীনে ফুটবল অ্যাকাডেমি তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ রাজ্য লিগে দল পাঠানোর পাশাপাশি অনূর্ধ্ব-১৪ ফুটসাল সহ সিনিয়র পুরুষ ও মহিলা ফুটসাল দল তৈরির পরিকল্পনা রয়েছে। অ্যাকাডেমিগুলিকে AIFF ও IFA-র স্বীকৃতির আওতায় আনার উদ্যোগও নেওয়া হচ্ছে।

উদ্যোক্তাদের আরও বড় লক্ষ্য রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলপ্রধান দেশগুলিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে স্থানীয় স্তর থেকে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত একটি ধারাবাহিক ফুটবল পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে।

এই ফুটবল উদ্যোগের পাশাপাশি দার্জিলিঙে প্রায় ৪০ একর জমির উপর ₹২১৫ কোটি ব্যয়ে ‘সিদ্রা হিলস স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসর্ট’ তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে আর্য টি কোম্পানি লিমিটেড।

সেখানে ফুটবল, বাস্কেটবল, টেনিস-সহ একাধিক ক্রীড়া পরিকাঠামোর পাশাপাশি ওয়েলনেস ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা থাকবে। ২০৩১ সালের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

একদিকে ক্রীড়া পর্যটনের পরিকাঠামো, অন্যদিকে স্থানীয় ফুটবল প্রতিভা তুলে আনার উদ্যোগ দুইয়ের সমন্বয়ে উত্তরবঙ্গে নতুন স্পোর্টস ইকোসিস্টেম তৈরির লক্ষ্যেই এই পরিকল্পনা বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here