ঢেলে সাজানো হবে কলেজ স্ট্রিট, নো-ভেহিকেল জোন ও একসঙ্গে বইয়ের দোকান সাজানোর পরিকল্পনা: জানালেন মন্ত্রী অগ্নিমিত্র পাল!

কলকাতা: ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটকে আধুনিক ও আরও আকর্ষণীয় করে তুলতে বড়সড় পরিকল্পনা নিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার কলেজ স্ট্রিট এলাকা যৌথভাবে পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্র পাল, কলকাতা পুর নিগম প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে, কেএমডিএ (KMDA)-র সিইও নীতিন সিংহানিয়া ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

পরিদর্শনের পর মন্ত্রী অগ্নিমিত্র পাল জানান, কলেজ স্ট্রিটের একটি রাস্তা ‘নো-ভেহিকেল জোন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ওই রাস্তায় শুধুমাত্র সাইকেল ও ই-কার বা ব্যাটারিচালিত পরিবেশবান্ধব যানবাহন চলাচলের অনুমতি থাকবে।

এছাড়াও, কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী বইয়ের দোকানগুলিকে আরও সুসংগঠিত ও দৃষ্টিনন্দনভাবে সাজানোর জন্য একত্রিত করে সমান নকশায় গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

অগ্নিমিত্র পাল জানান, এই পরিকল্পনা চূড়ান্ত করার আগে পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিক, কেএমডিএ-র বিশেষজ্ঞ ও অন্যান্য অভিজ্ঞ ব্যক্তিদের মতামত নেওয়া হবে।

ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটের চরিত্র অক্ষুণ্ণ রেখে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here