মায়ের ওপর নেশাগ্রস্ত ছেলের নৃশংস হামলা, মৃত্যু বৃদ্ধার!

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খঞ্চি গ্রামে ছেলের হাতে মায়ের মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা হাজরা। ঘটনার পর অভিযুক্ত ছেলে শঙ্কর হাজরাকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শঙ্কর হাজরা দীর্ঘদিন ধরেই মদ ও অন্যান্য নেশায় আসক্ত ছিল।

অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই সে তার বৃদ্ধা মা সন্ধ্যা হাজরার ওপর শারীরিক নির্যাতন চালাত।

প্রতিবেশীরা একাধিকবার প্রতিবাদ জানালে ও পুলিশে অভিযোগ করার পরামর্শ দিলেও, ছেলের প্রতি মমতার টানে কখনও অভিযোগ দায়ের করেননি বৃদ্ধা।

জানা যায়, মা-ছেলের মধ্যে তীব্র বচসার পর পরিস্থিতি ভয়াবহ আকার নেয়।

অভিযোগ, সেই সময়ই শঙ্কর হাজরা মায়ের ওপর হামলা চালায়।

প্রতিবেশীরা ছুটে এসে সন্ধ্যা হাজরাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত শঙ্করকেও ঘটনাস্থলের কাছেই পাওয়া যায়।

খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

এই নৃশংস ঘটনায় গোটা খঞ্চি গ্রামে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here