আত্রাই নদীতে নতুন করে ভাঙন! ঝুঁকিতে একাধিক বাড়ি ও বিদ্যুতের খুঁটি!

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডে আত্রাই নদীর চেক ড্যাম সংলগ্ন এলাকায় নতুন করে নদীভাঙন শুরু হওয়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে আত্রাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার জেরে একাধিক বাড়ির উঠোন ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার গভীর রাত থেকেই ভাঙন শুরু হলেও বুধবার সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। ভাঙনের ফলে নদীর ধার ঘেঁষে থাকা একাধিক বসতবাড়ি এখন ঝুঁকির মুখে।

দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে আরও কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা।

শুধু বাড়িঘরই নয়, নদীর ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিও বিপজ্জনক অবস্থায় রয়েছে।

সেটি নদীতে ভেঙে পড়লে গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ফুলকুমারী হালদারের অভিযোগ, কয়েক বছর আগে নির্মিত চেক ড্যাম ভেঙে যাওয়ার পর থেকেই এই এলাকায় নদীভাঙনের সমস্যা ক্রমশ বেড়েছে।

তাঁর কথায়, “মঙ্গলবার রাত থেকেই উঠোন ভাঙতে শুরু করেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের বাড়িঘরও নদীতে তলিয়ে যাবে।”

ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা প্রশাসনের কাছে অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here