ঘুড়ি লুটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! পুকুরে ডুবে প্রাণ গেল ৯ বছরের রোহনের, শোকে স্তব্ধ এলাকা!

দক্ষিণ ২৪ পরগনা: কাটা ঘুড়ি ধরার আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল শোকে।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ঘুড়ি লুটতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল ৯ বছরের এক কিশোরের।

মৃতের নাম রোহন শেখ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাট বিডিও অফিস সংলগ্ন একটি মাঠে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিল রোহন।

সেই সময় একটি কাটা ঘুড়ি পাশের পুকুরের দিকে উড়ে যায়। ঘুড়িটি ধরতে গিয়ে রোহন পুকুরে নামে বলে প্রাথমিক ভাবে অনুমান।

এরপরই সে নিখোঁজ হয়ে যায়।

পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দাদের নিয়ে তল্লাশি শুরু করেন।

পরে কয়েকজন যুবক পুকুরে নেমে খোঁজ চালিয়ে রোহনকে উদ্ধার করে।

দ্রুত মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজগর হোসেন লস্করের দাবি, রোহনের মৃগীর সমস্যা ছিল।

জলে নামার পর অসুস্থতা দেখা দেওয়ায় সে আর নিজেকে সামলাতে পারেনি বলে অনুমান করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায়।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

এই ঘটনার পর এলাকাবাসীর একাংশ মাঠ সংলগ্ন পুকুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলচ্ছে স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here