শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ নষ্ট করা হলো।
বুধবার রাজগঞ্জ ব্লকের মনুয়াগঞ্জ সংলগ্ন সুমুরিভিটা গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠছিল।
গোপন সূত্রে খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে বেশ কয়েকটি অস্থায়ী চোলাই মদের ঠেক চিহ্নিত করা হয় ও সেখান থেকে প্রচুর পরিমাণে তৈরি চোলাই মদ, ফারমেন্টেড গুড়, ড্রাম, পাইপ সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চালানো হবে।
এলাকায় যাতে অবৈধ মদের কারবার বন্ধ করা যায়, সেজন্য কড়া নজরদারি রাখা হচ্ছে।














































