বাঁকুড়া: বাঁকুড়া-পুয়াবাগান ২ নম্বর রাজ্য সড়কে উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে বুধবার সকালে সিএনজি বোঝাই একটি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি মোটরবাইকও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটিতে থাকা সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রাকের চালক সময়মতো গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান।
ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই।
জানা গিয়েছে, এদিন সকাল প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও বাঁকুড়া সদর থানার পুলিশ।
দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ওই রাজ্য সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।















































