সিকিম সুড়ঙ্গ বিপর্যয়: দুই শ্রমিকের দেহ নিয়ে মেটেলিতে ফিরলেন বিধায়ক পুনা ভেংরা, শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

মালবাজার: সিকিমের নামচি জেলার নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারানো দুই শ্রমিকের মরদেহ বুধবার গভীর রাতে বিশেষ অ্যাম্বুলেন্সে করে মেটেলিতে নিয়ে আসেন মালবাজার-নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা।

মৃতদের বাড়িতে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও হাত জোড় করে গভীর সমবেদনা জানান।

শোকাহত পরিবারের সামনে আবেগপ্রবণ হয়ে বিধায়ককে বলতে শোনা যায়, “আপনাদের ছেলেদের বাঁচিয়ে আনতে পারলাম না।” তাঁর এই বক্তব্যে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এদিকে, সিকিমের সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের প্রতি সমবেদনা জানাবেন ও পরিস্থিতির খোঁজ নেবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার জলপাইগুড়ির মেটেলি ও নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা-বাগান এলাকা থেকে অন্তত নয়জন নিহত শ্রমিকের পরিবারের সন্ধান মেলে।

পরে আরও কয়েকজন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে প্রাণ হারিয়েছেন বলে জানা যায়।

এই মর্মান্তিক ঘটনার পর জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ চা-বলয়ের যে সমস্ত শ্রমিক কাজের সন্ধানে সিকিমে গিয়েছিলেন, তাঁদের পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বর্তমানে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজ অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here