হাওড়া: হাওড়ার নিশ্চিন্তা থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
বুধবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্যাক্সি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রাজেশ কানওয়ার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পেশায় ট্যাক্সিচালক।
এসটিএফের দাবি, ট্যাক্সিটি আটকানোর চেষ্টা করলে এক আরোহী পালিয়ে যেতে সক্ষম হলেও চালক রাজেশ কানওয়ারকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে ৯ এমএম পিস্তল, বেশ কয়েকটি সেমি-ফিনিশড রিভলভার সহ তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে কোনও অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে।
পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে কলকাতা পুলিশের এসটিএফ।















































