মালদা: মালদার কালিয়াচকে ফের চাঞ্চল্যকর খুনের ঘটনা।
ঘুমন্ত অবস্থায় এক যুবকের মাথা ও কানের গোড়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতের নাম রহিমুল শেখ (৩০)। কালিয়াচক থানার সুজাপুর ইমদাদুল উলুম পাড়ার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে রহিমুল শেখ ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়।
ধারালো অস্ত্র দিয়ে মাথা ও কানের গোড়ায় একাধিক আঘাত করা হয় বলে অভিযোগ।
গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানেও শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতায় রেফার করেন।
তবে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের বেলডাঙার কাছে তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, রহিমুল শেখ একটি ধর্মকাটায় কম্পিউটারের কাজ করতো।
পরিবারে রয়েছেন তার স্ত্রী ও মাত্র ছয় মাসের এক কন্যাসন্তান।
কী কারণে এই হামলা ও খুনের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
কালিয়াচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠায়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।















































