রাজ্যজুড়ে পঞ্চায়েত অফিসে পুলিশের একযোগে তল্লাশি, জন্ম-মৃত্যু নিবন্ধনের নথি বাজেয়াপ্তের নির্দেশ!

উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত অফিসে একযোগে পুলিশের তল্লাশি অভিযান শুরু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার আওতাধীন মোট ১৩টি গ্রাম পঞ্চায়েতেও সকাল সাড়ে ১০টা থেকে এই অভিযান চালানো হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মূল রেজিস্টার বাজেয়াপ্ত করা হচ্ছে।

ওই নথিপত্র খতিয়ে দেখে কোথাও কোনও অসঙ্গতি বা অনিয়ম ধরা পড়লে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেগঙ্গা ১ নম্বর ব্লকের ৯টি ও দেগঙ্গা ২ নম্বর ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েতে একযোগে এই তল্লাশি চলছে।

পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে নথি সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে হাড়োয়া ২ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক বিপ্লব দত্ত দাবি করেছেন, এসআইআর (SIR) প্রক্রিয়ার সময় বহু বাংলাদেশি নাগরিকের জন্য ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করা হয়েছে।

তাঁর অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতেই সরকারের এই পদক্ষেপ।

যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত তথ্য সামনে আসবে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here