প্রয়াত প্রাক্তন মন্ত্রী ডাঃ আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহের রাজনৈতিক মহলে!

মালদহ: প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডাঃ আবু নাসের খান চৌধুরী।

বৃহস্পতিবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর সাংসদ ইশা খান চৌধুরী সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান। এই খবর প্রকাশ্যে আসতেই মালদহের রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

আবু নাসের খান চৌধুরী দীর্ঘদিন মালদহের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সালে সুজাপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করে প্রথমবার বিধায়ক হন তিনি।

এরপর ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও একই কেন্দ্র থেকে নির্বাচিত হন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। যদিও ২০১২ সালে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তিনি।

তিনি মালদহের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এ. বি. এ. গনি খান চৌধুরীর ভাই ছিলেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আবু নাসের খান চৌধুরী দীর্ঘদিন ধরে জেলার রাজনীতি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও পারিবারিক ঐতিহ্যের কারণে মালদহের রাজনৈতিক পরিসরে বিশেষ পরিচিতি ছিল তাঁর।

তাঁর প্রয়াণে মালদহের রাজনৈতিক মহলে এক শূন্যতার সৃষ্টি হল। প্রাক্তন এই মন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগী, পরিচিতজন ও রাজনৈতিক মহলের বহু মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here