প্রধানমন্ত্রীর সফরের আগে পরিচ্ছন্নতার বার্তা, ঝাড়ু-কোদাল হাতে অভিযানে নামলেন জেলাশাসক!

পশ্চিম মেদিনীপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত পশ্চিম মেদিনীপুর সফরকে ঘিরে তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনের অন্দরে।

আগামী ২১ নভেম্বর খড়গপুর আইআইটির অনুষ্ঠানে যোগ দিতে জেলায় আসার কথা প্রধানমন্ত্রীর। তাঁর সফরের আগে গোটা জেলাকে পরিচ্ছন্ন করে তুলতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

‘স্বচ্ছতার সঙ্গে স্বাগতম’ নামে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। আর এই কর্মসূচিতে শুধু নির্দেশ দেওয়াতেই সীমাবদ্ধ থাকলেন না জেলাশাসক বিজিন কৃষ্ণ।

নিজেই হাতে কোদাল তুলে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন তিনি। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলাশাসকের দপ্তর চত্বর থেকে আগাছা পরিষ্কার ও আবর্জনা সরানোর কাজেও অংশ নেন তাঁরা।

জানা গিয়েছে, শুধু জেলাশাসকের কার্যালয়েই নয়, জেলার বিভিন্ন সরকারি ও পুলিশ দপ্তরেও এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরের আগে সরকারি দপ্তর থেকে শুরু করে জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের এই বিশেষ তৎপরতা ইতিমধ্যেই জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নজর কেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here