প্রধাননগর থানার সাফল্য, জল জীবন মিশনের প্রায় ২০ লক্ষ টাকার চুরি যাওয়া পাইপ উদ্ধার; গ্রেফতার ৩!

শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত প্রধাননগর থানার পুলিশ জল জীবন মিশন প্রকল্পে ব্যবহৃত পাইপ চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ।

তদন্তে নেমে পুলিশ প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া এইচডিপিই (HDPE) পাইপ উদ্ধার করে। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার বাসিন্দা মানস কুমার সাহা গত ৮ জুলাই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

তিনি পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অধীনে জল জীবন মিশন প্রকল্পে পাইপলাইন বসানোর কাজে যুক্ত ছিলেন।

অভিযোগে জানানো হয়, জলপাইগুড়ি জেলার কালকুট এলাকায় একটি গুদামে রাখা প্রায় ৬০০টি, মোট ৩,৫২০ মিটার এইচডিপিই পাইপ পরিকল্পিতভাবে চুরি গেছে।

উদ্ধার হওয়া পাইপগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

তদন্তে নেমে প্রথমে গুদামের চৌকিদার পবিত্র রায়কে গ্রেফতার করে পুলিশ।

সে চম্পাসারি এলাকার দেবিডাঙার বাসিন্দা।

এরপর গত ১৬ জুলাই আরও দুই অভিযুক্ত সঞ্জয় বণিক ওরফে সঞ্জু ও উজ্জ্বল মহন্তকে গ্রেফতার করা হয়।

পাঁচ দিনের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চুরি যাওয়া এইচডিপিই পাইপ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পাইপগুলির মধ্যে ১৬০ মিমি, ১১০ মিমি ও ৯০ মিমি ব্যাসের শতাধিক পাইপ রয়েছে।

সাথে এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গোটা ঘটনার তদন্ত এখনও চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here