বানারহাট: ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটিয়ে অবশেষে বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ।
বৃহস্পতিবার ভোরে চা বাগানের ১১ নম্বর সেকশনের পাম্প হাউস সংলগ্ন এলাকায় খাঁচাবন্দি হয় চিতাটি।
জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চিতার আনাগোনা দেখা যাচ্ছিল।
পাশাপাশি ছাগল ও গরু নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে আসছিল। ফলে চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড পাম্প হাউসের কাছে একটি খাঁচা পেতে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে।
বৃহস্পতিবার ভোরে শ্রমিকরা চিতার গর্জন শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখেন, পূর্ণবয়স্ক চিতাটি খাঁচার মধ্যে বন্দি রয়েছে।
খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
মহিলা, পুরুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও খাঁচাবন্দি চিতাকে দেখতে ও মোবাইলে ছবি তুলতে ভিড় করেন।
বন দফতর সূত্রে জানা গেছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিতাটিকে নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। চিতা ধরা পড়ায় এলাকায় স্বস্তির পরিবেশ ফিরেছে।















































