দক্ষিণ ২৪ পরগনা: বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে স্কুলে যাওয়ার রাস্তা। বছরের প্রায় ছয় মাস জলবন্দি থাকে মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ফলে বাধ্য হয়ে কলার ভেলার সাহায্যে জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে খুদে পড়ুয়াদের।
জল জমে থাকায় অনেক পড়ুয়াই স্কুলে যেতে ভয় পায়। অভিভাবকদেরও সন্তানদের হাত ধরে জল পার করে স্কুলে পৌঁছে দিতে হচ্ছে।
শুধু যাতায়াত নয়, স্কুলের পরিকাঠামো নিয়েও রয়েছে অভিযোগ। জরাজীর্ণ ভবনের একাংশ ভেঙে পড়ায় মাত্র একটি ঘরেই চলছে পঠনপাঠন। খারাপ হয়ে পড়ে রয়েছে পানীয় জলের নলকূপও।
স্থানীয়দের অভিযোগ, প্রায় আট বছর ধরে এই সমস্যা চলছে। বারবার জানিয়েও স্থায়ী সমাধান হয়নি। দ্রুত রাস্তা সংস্কার, স্কুল ভবন মেরামতি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করার দাবি উঠেছে।















































