শিলিগুড়ি: ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ। শিলিগুড়ি জিআরপি SOG ও এনজেপি জিআরপির যৌথ অভিযানে এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১০ কেজি ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে টুনটুন সাহানি নামে এক ব্যক্তিকে। তিনি বিহারের বৈশালী জেলার বাসিন্দা।
রানি কমলাপতি ডাউন এক্সপ্রেসের এসি কামরায় তল্লাশি চালিয়ে তাঁর দুটি ব্যাগ থেকে ৯ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে বিহারে যাচ্ছিলেন তিনি। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে জিআরপি।















































