শিলিগুড়ি: রাতের অন্ধকারে ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়িতে।
অভিযোগ, দোকানের টিনের সেড কেটে সাথে ফলস সিলিং ভেঙে ভিতরে ঢুকে প্রায় চার থেকে সাড়ে চার লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ফুলবাড়ি পূর্ব ধনতলার বটপাকতলা নতুন বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। দোকানের মালিক কোমল প্রসাদ ভগত জানান, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান।
মঙ্গলবার সকালে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের উপরের টিনের সেড ও ফলস সিলিং কাটা রয়েছে। ভিতরে ঢুকে দেখেন, দোকানে রাখা টাকা উধাও।
দোকান মালিকের দাবি, ডিস্ট্রিবিউটরকে দেওয়ার জন্য ওই টাকা দোকানে রাখা হয়েছিল। চুরির আগে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাও কেটে দেওয়া হয় বলে অভিযোগ। দোকানের ভিতরে ওষুধপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে চোরেরা দোকানে ঢুকল সহ কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।















































