শিলিগুড়ি: ধমকানো, ভয় দেখানো, হুমকি দিয়ে টাকা দাবি এবং তোলাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।
সোমবার গেটবাজার এলাকা থেকে সাদা পোশাকে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল সূর্যসেন কলোনির বাসিন্দা পাপ্পু রায়, রাজা হোলির এমডি সাদ্দাম ও অম্বিকানগরের অভিষেক হরিজন।
পুলিশের দাবি, ধৃতদের মধ্যে অভিষেক হরিজনই দলের মূল পান্ডা। তার নেতৃত্বে এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলত বলেও অভিযোগ।
অভিযোগ, লেকটাউনের বাসিন্দা অভিজিৎ মাহাতোকে নানাভাবে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে টাকা দাবি করছিল অভিযুক্তরা। বিষয়টি নিয়ে এনজেপি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ।
এরপর গোপন সূত্রে খবর পেয়ে গেটবাজার এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সেখান থেকেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।














































