মুখ্যমন্ত্রীর সফরের আগে দক্ষিণ দিনাজপুরে স্বাস্থ্য মন্ত্রী, জেলা হাসপাতাল পরিদর্শনে শারদ্বত মুখোপাধ্যায়
দক্ষিণ দিনাজপুর: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দক্ষিণ দিনাজপুর সফরের আগে জেলায় এলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়।
বুধবার সকালে বালুরঘাট- শিয়ালদহ এক্সপ্রেসে চেপে প্রায় সাড়ে ৮টা নাগাদ বালুরঘাট স্টেশনে পৌঁছন তিনি। এরপর সার্কিট হাউসে গিয়ে কিছুক্ষণ থাকার পর বালুরঘাট জেলা হাসপাতালে যান স্বাস্থ্য মন্ত্রী।
হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসা পরিষেবা ও সমস্যার বিষয়েও খোঁজ নেন। হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি নিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন স্বাস্থ্য মন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় ও দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
অন্যদিকে, বুধবার দিনভর দক্ষিণ দিনাজপুর জেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পূর্ণিয়া থেকে সড়কপথে বালুরঘাটে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। সফরে বালুরঘাট বিমানবন্দর ও জেলা হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক করার কর্মসূচিও রয়েছে তাঁর। সফরের মাঝে প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা মুখ্যমন্ত্রীর।















































