লাটাগুড়ির রিসর্টে প্রশাসনের হানা, উদ্ধার মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাবার!

লাটাগুড়ি: পর্যটন মরশুমের আগে লাটাগুড়ির একাধিক বেসরকারি রিসর্টে আচমকা অভিযান চালাল প্রশাসন।

মঙ্গলবার বিকেলে মাল মহকুমাশাসক উৎকর্ষ খান্ডালের নেতৃত্বে বিভিন্ন দফতরের আধিকারিকরা রিসর্টগুলির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের জায়গায় তল্লাশি চালান।

অভিযানে বেশ কয়েকটি রিসর্টের রান্নাঘর থেকে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট হয়ে যাওয়া খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি একাধিক খাদ্যসামগ্রীর নমুনায় পোকা পাওয়া গিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অভিযান চলাকালীন রান্নাঘরে ব্যবহৃত খাদ্যসামগ্রী, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার সহ সরকারি নির্দেশিকা মেনে খাদ্য সংরক্ষণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া খাদ্যসামগ্রীর নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।

পরীক্ষার রিপোর্টে কোনও অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট রিসর্টের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গোরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লাটাগুড়িতে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন। ফলে রিসর্ট ও হোটেলগুলিতে খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশাসনের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here