শেয়ার বাজারে মোটা লাভের প্রলোভন, ১৬ কোটি টাকার প্রতারণা! পুলিশের জালে ৬ অভিযুক্ত!

হাওড়া: শেয়ার বাজারে বিনিয়োগের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে বড়সড় সাফল্য পেল হাওড়া পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিডি)।

মুম্বাইয়ের বান্দ্রা থানায় দায়ের হওয়া একটি অভিযোগের সূত্র ধরে তদন্ত চালিয়ে বর্ধমানের এক দম্পতি সহ মোট ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাওড়া পুলিশের ডিডি বিভাগের তদন্তে এখনও পর্যন্ত প্রায় ১৬ কোটি টাকার প্রতারণার প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে।

অভিযুক্তরা বিভিন্ন ব্যক্তিকে শেয়ার বাজারে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগ করিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ।

এক সাংবাদিক বৈঠকে হাওড়া পুলিশের ডিডি বিভাগের ডেপুটি কমিশনার রাহুল মিশ্র জানান, গ্রেপ্তার হওয়া ৬ জনের মধ্যে বর্তমানে ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না ও প্রতারণার পরিধি কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য যোগ থাকতে পারে।

তদন্তের স্বার্থে বিভিন্ন নথি, আর্থিক লেনদেনের তথ্য ও ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here