কলকাতা: পড়ুয়াদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে চালু হল অত্যাধুনিক ‘টিঙ্কারিং ল্যাব’।
বিআইআরএসি ই-যুবা কেন্দ্র, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ও এসিআইসি – অ্যাডামাস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন ফাউন্ডেশনের সহযোগিতায় সহ নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের সহায়তায় এই ল্যাব তৈরি হয়েছে। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষকদের উদ্যোগে গড়ে ওঠা স্টার্ট-আপ বায়োঅ্যাক্সার প্রাইভেট লিমিটেড ল্যাবটি তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতরের সিনিয়র বিজ্ঞানী ও নোডাল অফিসার ডঃ মহুয়া হোম চৌধুরী ও কলকাতার বিভিন্ন স্কুলের অধ্যক্ষরা।
ই-যুবা কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ডঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, পড়ুয়াদের এমন পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে তারা পরীক্ষা- নিরীক্ষা করতে, ভুল থেকে শিখতে ও নতুন করে চেষ্টা করতে পারে।
তাঁর মতে, হাতে-কলমে শিক্ষা শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করবে।
স্কুলের অধ্যক্ষ অনসূয়া পাল বলেন, এই ল্যাবের সুবিধা শুধু অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়ারাই নয়, অন্যান্য স্কুলের পড়ুয়ারাও নিতে পারবেন।
অধ্যাপক সুরঞ্জন দাস উদ্ভাবনকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সীমাবদ্ধ না রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।
ডঃ মহুয়া হোম চৌধুরী গুরুত্ব দেন বৌদ্ধিক সম্পদ সুরক্ষার বিষয়ে।
এদিন স্কুলে জাতীয় স্তরের স্কুল হ্যাকাথন ‘অ্যাডাথন ২০২৬’-এরও সূচনা হয়।
আগামী নভেম্বর মাসে এই হ্যাকাথন অনুষ্ঠিত হবে।















































