ফরাক্কায় টানা বৃষ্টিতে রেললাইনে ধস, নিউ ফরাক্কায় ব্যাহত ট্রেন চলাচল
মুর্শিদাবাদ: টানা কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই রেললাইনের একটি অংশ বসে যাওয়ায় ব্যাহত হয়েছে দূরপাল্লার ট্রেন চলাচল। সমস্যায় পড়েছেন বহু রেলযাত্রী।
রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে ফরাক্কা ব্যারেজে প্রবেশের মুখে আপ লাইনে এই ধস নামে।
প্রবল বৃষ্টির জেরে মাটি নরম হয়ে সরে যাওয়ার কারণেই রেললাইনের একটি অংশ বসে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ঘটনার খবর পেয়েই দ্রুত তৎপর হয় রেল দপ্তর।
বৃহস্পতিবার ভোররাত থেকেই ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ। রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রেললাইন বসে যাওয়ার জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। দূরপাল্লার ট্রেনগুলিকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ফলে দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে বহু যাত্রীকে।
পরিস্থিতি সামাল দিতে একদিকে ক্ষতিগ্রস্ত আপ লাইনে মেরামতির কাজ চলছে, অন্যদিকে বিকল্প একটি সিঙ্গেল লাইন ব্যবহার করে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।
ফরাক্কার রেল দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “বহু ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বেশ কিছুটা দেরিতে বিভিন্ন স্টেশনে পৌঁছবে এবং সেখান থেকে ছাড়বে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
রেল সূত্রে আরও জানা গিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। আটকে থাকা যাত্রীদের খাবার ও পানীয় জলের যাতে সমস্যা না হয়, সেদিকেও নজর রাখছে রেল দপ্তর। তবে রেল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।















































