ফারাক্কায় রেললাইনে ধস, শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল! যাত্রীদের মধ্যে ক্ষোভ!

কলকাতা: প্রবল বৃষ্টির জেরে ফরাক্কার কাছে রেললাইনে ধসের ঘটনায় বিপাকে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার কারণে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলকারী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

আচমকা ট্রেন বাতিলের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে হাটে বাজারে এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, বালুরঘাট এক্সপ্রেস সহ পদাতিক এক্সপ্রেস।

উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এই ট্রেনগুলির উপর নির্ভর করেন বহু যাত্রী।

ফলে ট্রেন বাতিলের জেরে যাত্রা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় ট্রেন চলাচলে বিধিনিষেধ জারি করা হয়।

রেলের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে মেরামতির কাজ শুরু করেছেন। তবে পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত একাধিক ট্রেনের যাত্রা বাতিল বা পরিবর্তিত হওয়ার আশঙ্কা থাকছে।

অন্যদিকে, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রেন বাতিলের খবর পাওয়ায় যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অনেকেরই আগে থেকে টিকিট কাটা ছিল। হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় বিকল্প পরিবহণের ব্যবস্থা করা নিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা।

যাত্রীদের বক্তব্য, উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের উপর এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে। দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here