শিলিগুড়ি: সপ্তাহান্তে উত্তরবঙ্গে ফের বাড়তে চলেছে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের উপরের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবারও উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে।
সোমবার ও মঙ্গলবার ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।
তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়ে অবস্থান করছে। এই দুই ব্যবস্থার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও সোমবার ও মঙ্গলবার ফের তা বাড়তে পারে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় মহানগরীর তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে।















































