রাজগঞ্জ: একটি রাতেই বদলে গেল একটি পরিবারের জীবন। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ঘরবাড়ির যাবতীয় আসবাবপত্র, জামাকাপড়, বইপত্র, নগদ টাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি।
ঘটনায় কার্যত সর্বস্ব হারিয়ে বিপাকে পড়েছেন জলপাইগুড়ি র রাজগঞ্জ ব্লকের বেলাকোবার স্টেশন কলোনির বাসিন্দা মিষ্টান্ন ব্যবসায়ী জগদীশ পাল ও তাঁর পরিবার।
গত বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জগদীশ পালের বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান স্থানীয়দের। আগুন লাগার পর দ্রুত তা গোটা ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের অধিকাংশ সামগ্রী পুড়ে যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগুনে নগদ টাকা, আসবাবপত্র, পোশাক, বইপত্র-সহ দৈনন্দিন ব্যবহারের একাধিক সামগ্রী নষ্ট হয়েছে।
পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও পুড়ে যাওয়ায় নতুন করে সমস্যায় পড়েছে পরিবারটি। অগ্নিকাণ্ডের জেরে কত টাকার ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এমন পরিস্থিতিতে শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে পাশে দাঁড়ান জলপাইগুড়ি জেলা বিজেপির কিষান মোর্চার সভাপতি নকুল দাস। তাঁর সঙ্গে ছিলেন রাজগঞ্জ ব্লক কো-কনভেনার নারায়ণ চক্রবর্তী, কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য ঝন্টু রায়-সহ স্থানীয় নেতৃত্ব। তাঁরা পরিবারের হাতে আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
নকুল দাস বলেন, “অগ্নিকাণ্ডে পরিবারটির ঘর ও প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। এই কঠিন সময়ে যতটা সম্ভব পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। আগামী দিনেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে।”















































