বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিকে ঘিরে প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব।
সমিতির সভাপতি কুহেলিকা পারভীনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের একাংশের সদস্যরা।
এই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী শিবিরের সংঘাত আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে মোট ৪১টি আসনের মধ্যে ৪০টি তৃণমূল কংগ্রেসের দখলে ও একটি আসন বিজেপির দখলে।
অভিযোগ, বর্তমান সভাপতি কুহেলিকা পারভীন, স্থানীয় বিধায়ক বুরহানুল মুকাদ্দিমের ঘনিষ্ঠ ও তাঁরা বর্তমানে ঋতব্রতপন্থী শিবিরের সঙ্গে যুক্ত।
সেই কারণেই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।
অনাস্থা প্রস্তাবের সময় ২৭ জন তৃণমূল সদস্য উপস্থিত ছিলো।
অনাস্থা সমর্থনকারী সদস্যদের দাবি, দুর্নীতির অভিযোগ থাকা কোনও সভাপতিকে তাঁরা রাখতে চান না। আস্থা ভোটে দলেরই একজন সৎ ও গ্রহণযোগ্য সদস্যকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে ও সরকারের উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে বাদুড়িয়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
তবে কুহেলিকা পারভীন বা বিধায়ক বুরহানুল মুকাদ্দিমের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।















































