মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, হাসপাতালে বন্ধ ন্যায্য মূল্যের ওষুধের দোকান!

নদিয়া: শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

অভিযোগের জেরে শনিবার ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের ভিতরে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি বন্ধ করে দেন। ঘটনাস্থলে পৌঁছন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল।

জানা গিয়েছে, দু’দিন আগে শিশুকন্যাকে নিয়ে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে এসেছিলেন চন্দনা সাহা নামে এক গৃহবধূ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ সংগ্রহ করেন তিনি। পরে ওষুধের একটি পাতা খোলার পর কয়েকটি ট্যাবলেট ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান বলে অভিযোগ রোগী পরিবারের।

তাঁদের দাবি, ওষুধ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ও ট্যাবলেট ভাঙার পর তার রং ও গঠনও অস্বাভাবিক মনে হয়।

বিষয়টি জানাজানি হতেই শনিবার ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে এসে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল।

অন্যদিকে, হাসপাতাল সুপার তারক বর্মন জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে। তবে দোকানে কর্মরত কর্মীদের দাবি, হাসপাতাল সুপার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে লিখিতভাবে দোকান বন্ধের কোনও নির্দেশ দেওয়া হয়নি।

সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই আপাতত দোকান বন্ধ রাখা হয়েছে বলে তাঁদের দাবি।

অভিযোগের সত্যতা যাচাই ও ওষুধের গুণমান নিয়ে তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here