পূর্ব মেদিনীপুর: মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও পাঁশকুড়া থানার পুলিশের যৌথ অভিযানে জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় ওড়িশার এক বাসিন্দাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের মহৎপুর ফ্লাইওভারে আগে থেকেই নজরদারি চালাচ্ছিল পুলিশের যৌথ দল। ওড়িশার দিক থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কারকে সন্দেহ হওয়ায় সেটি আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে গাড়ির ভিতর থেকে ১০৮টি প্যাকেটে মোট প্রায় ১২২ কেজি গাঁজা উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, ওড়িশা থেকে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে গাড়িটি হাওড়ার ধুলাগড়ের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের অভিযানে পাচারের পরিকল্পনা ভেস্তে যায়।
ঘটনার পর গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, ধুলাগড়ে কার কাছে তা পৌঁছনোর কথা ছিল ও এর পিছনে আরও কারা রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আইনি প্রক্রিয়া মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্তকরণের প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে।
পরবর্তী পর্যায়ে এনডিপিএস আইনে মামলা রুজু করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবার বন্ধ করতে জেলাজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।















































