একদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কালিম্পং ও শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক!

শিলিগুড়ি: মঙ্গলবার একদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রে খবর, বাগডোগরা বিমানবন্দরে নামার পর মুখ্যমন্ত্রী সরাসরি কালিম্পংয়ের উদ্দেশে রওনা দেবেন। সেখানে একটি বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রশাসনিক সূত্রের খবর, কালিম্পংয়ে প্রায় এক ঘণ্টার ওই বৈঠকে পাহাড়ের বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে ফিরে আসবেন।

এরপর শিলিগুড়ির উত্তরকন্যায় আধিকারিকদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয় বৈঠকে উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে।

তবে এই সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি, জলমগ্ন এলাকা ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নিতে পারেন বলে সূত্রের খবর। প্রয়োজন অনুযায়ী উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও নির্দেশ আসতে পারে।

উত্তরকন্যার বৈঠক শেষ করে মঙ্গলবারই কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্বল্প সময়ের এই উত্তরবঙ্গ সফর হলেও প্রশাসনিক দিক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশ আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here