চুরি যাওয়া ৬টি মোটরবাইক ও ৩টি টোটো উদ্ধার, গ্রেফতার চক্রের মূল অভিযুক্ত!

মালদা: মোটরবাইক ও টোটো চুরির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল মানিকচক থানার পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার করা হল চুরি যাওয়া ছয়টি মোটরবাইক ও তিনটি টোটো। এই ঘটনায় চুরি চক্রের মূল অভিযুক্ত মোহন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতের বাড়ি ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া এলাকায়। উদ্ধার হওয়া যানবাহনগুলি বিভিন্ন এলাকা থেকে চুরি করে সেখানে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

রবিবার সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিবরণ দেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান।

তিনি জানান, গত ১৫ অক্টোবর মানিকচক এলাকা থেকে আনসারুল আনসারী নামে এক ব্যক্তি তাঁর মোটরবাইক চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মানিকচক থানার পুলিশ। আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে এএসআই আজমল হোসেন ও রাকেশ দত্ত তদন্ত ও অভিযান চালান।

তদন্তের সূত্র ধরে আশরাফ নাদাব নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করেই মোহন চৌধুরীর নাম জানতে পারেন পুলিশ আধিকারিকরা। এরপর ফুলবাড়িয়া এলাকায় মোহনের বাড়িতে অভিযান চালিয়ে ছয়টি চুরি যাওয়া মোটরবাইক ও তিনটি টোটো উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, চুরি করা মোটরবাইক ও টোটোর নম্বর প্লেট-সহ বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে সেগুলি বিক্রির পরিকল্পনা ছিল অভিযুক্তদের। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের। সেই সূত্র ধরে চক্রের বাকি সদস্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে।

ধৃত মোহন চৌধুরীকে মালদা জেলা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় যানবাহন চুরি রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান অতিরিক্ত পুলিশ সুপার। পাশাপাশি সাধারণ মানুষকেও নিজেদের যানবাহন সুরক্ষিত রাখা ও সন্দেহজনক কোনও ঘটনা নজরে এলে পুলিশকে জানানোর আবেদন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here