পুলিশের অভিযান টের পেয়ে পালাল পাচারকারীরা, শুরু তদন্ত
শিলিগুড়ি: ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কেজি গাঁজা।
তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা। ফলে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জানা গিয়েছে, গোপন সূত্রে গাঁজা পাচারের খবর পেয়ে এনজেপি স্টেশনে যৌথ অভিযান চালান শিলিগুড়ি জিআরপির এসওজি ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের আধিকারিকরা।
আগরতলা থেকে আসা ডাউন রানী কমলাপতি এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই ট্রেনটির স্লিপার ক্লাসের S2 কামরায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় কামরা থেকে দুটি ব্যাগ উদ্ধার করেন পুলিশকর্মীরা। ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে মোট ১৪টি প্যাকেট উদ্ধার হয়।
প্যাকেটগুলিতে থাকা গাঁজার মোট ওজন প্রায় ৩৫ কেজি।
এনজেপি জিআরপি সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
তবে পুলিশি অভিযানের উপস্থিতি টের পেতেই পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কারা ওই গাঁজা নিয়ে যাচ্ছিল ও এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি জিআরপির এসওজি ও এনজেপি জিআরপি।















































