কোটিপতি পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে পুলিশের মেগা অভিযান, টাকা গোনার ৫ মেশিন ও ট্রাঙ্ক!

বীরভূম: কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে ব্যাপক তল্লাশি অভিযান চালাল পুলিশ।

গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযান বুধবার পর্যন্ত অব্যাহত থাকায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের প্রাথমিক খবর মিলেছে।

সেই অর্থ গণনার জন্য ঘটনাস্থলে আনা হয়েছে অন্তত পাঁচটি নোট গোনার মেশিন ও বাজেয়াপ্ত নগদ সংরক্ষণের জন্য নিয়ে আসা হয়েছে দুটি বড় লোহার ট্রাঙ্ক।

স্থানীয় সূত্রের দাবি, মিনার মণ্ডল নিজেও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ও টুলু মণ্ডলের একাধিক স্টোন ক্রাশার পরিচালনার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে।

গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী আচমকাই তাঁর বাড়ি ঘিরে ফেলে। এরপর শুরু হয় বাড়ির প্রতিটি অংশে চিরুনি তল্লাশি।

অভিযান চলাকালীন বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে খবর।

টাকার পরিমাণ এতটাই বেশি যে তা গণনার জন্য একাধিক নোট গোনার মেশিন ব্যবহার করতে হচ্ছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের একাধিক পদস্থ আধিকারিকও।

তবে এই অভিযানের সুনির্দিষ্ট কারণ, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ কিংবা এর সঙ্গে কোনো বেআইনি আর্থিক লেনদেন বা অন্য অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তদন্তের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রীও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

পুলিশের এই মেগা অভিযানের পর বীরভূমের পাথর ব্যবসা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তদন্তের অগ্রগতির দিকে এখন নজর প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here